চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির বিপক্ষে চোখধাঁধানো এক গোল করার পরও ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের সঙ্গে নিজের তুলনা বিনয়ের সঙ্গে উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ বিরতির পর বদলি হিসেবে বেলিংহ্যাম মাঠে নামতেই খোলনলচে বদলে ফেলে। দ্বিতীয়ার্ধে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এবং কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ডাচ চ্যাম্পিয়নদের হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা।
ম্যাচে কয়েক মিনিট আগেই অ্যাক্রোবেটিক ভলি প্রতিহত হওয়ার পর কিলিয়ান এমবাপের বাড়ানো পাস শূন্যে থাকা অবস্থাতেই দুই ছোঁয়ায় নিয়ন্ত্রণে নেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম। এরপর পেনাল্টি এলাকার বেশ বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে দূরের কোণা দিয়ে বল জালে জড়ান তিনি। নিজের এই অবিশ্বাস্য গোল প্রসঙ্গে আরএমটিভিকে বেলিংহ্যাম বলেন, আমি আসলে কী করেছি তা আমার নিজেরও জানা নেই। বলটি ভালো পজিশনে পেয়েছিলাম, তাই শট নেওয়ার কথা ভেবেছিলাম।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর নিজের আদর্শ জিনেদিন জিদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আইকনিক ৫ নম্বর জার্সি বেছে নিয়েছিলেন ২৩ বছর বয়সী এই তারকা। পিএসভির বিপক্ষে তার গোলটিকে অনেকেই জিদান-সুলভ শটের সঙ্গে তুলনা করলে সাংবাদিকদের বেলিংহ্যাম বলেন, আমি এমন কিছু কাজ করি যা আপনাদের কাছে জিদানের মতো মনে হয়, কিন্তু তিনি আমার চেয়ে অনেক ভালো ছিলেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রিয়ালের জার্সিতে নিজের সেরা ফর্ম খুঁজে পাওয়ার পেছনে কোচ হোসে মরিনিয়োকে কৃতিত্ব দেন বেলিংহ্যাম। তবে পর্তুগিজ কোচ মনে করেন, এর মূল কৃতিত্ব বেলিংহ্যাম এবং তাঁর সতীর্থদেরই প্রাপ্য। মরিনিয়ো বলেন, আমি মনে করি আজকের জুড হয়ে ওঠার পেছনে মূল কারিগর জুড নিজেই এবং তাঁর সতীর্থরা। আমি কেবল সামান্য সাহায্য করার চেষ্টা করি। সে একজন অসাধারণ খেলোয়াড়, যার মধ্যে সবকিছুই আছে, শারীরিক সক্ষমতা, টেকনিক, খেলা বোঝার কৌশলগত জ্ঞান এবং উচ্চাকাঙ্ক্ষা। আজ সে একাই নয়, তবে ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। আমার চোখে কোনো সন্দেহ ছাড়াই সে বিশ্বের সেরা মিডফিল্ডার।
এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে বিশ্বের সেরা ১০ খেলোয়াড়ের তালিকায় বেলিংহ্যামকে না রাখাকে আবারও একটি ‘কেলেঙ্কারি’ হিসেবে অভিহিত করেন মরিনিয়ো। পিএসভির বিপক্ষে এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে শতভাগ জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে রিয়ালকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান এবং এর আগে দুবার পোস্টে বল লাগানো ভিনিসিয়ুস জুনিয়র ম্যাচের শেষ দিকে গোল করে জয়ের উৎসবে যোগ দেন।
তথ্যসূত্র: আল জাজিরা
