আসছে টি-২০ বিশ্বকাপ। শুরুতেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে ভারতকে হারাতে পারলে পাকিস্তান ক্রিকেট দলকে ব্ল্যাংক চেক দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা।
এত এত ম্যাচ খেলে, কখনো জয় কখনো পরাজয়ের স্বাদ নিয়ে নির্দিষ্ট এই ম্যাচে জয়ের পুরষ্কার কেন আস্ত এক ব্ল্যাংক চেক? কারণটা বেশ স্পষ্ট। আজ পর্যন্ত হওয়া কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এর মধ্যে, আইসিসি আয়োজিত একমাত্র ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেই ভারতকে হারানোর আনন্দ পেয়েছে পাকিস্তান।
আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেতো ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তানের যাত্রা। সেক্ষেত্রে এত বড় বাজি ধরে দলকে খানিকটা উৎসাহ দেয়ার প্রয়াসকে ইতিবাচকভাবেই দেখা যায়।
তবে এনিয়ে বেশ শঙ্কাও কাজ করছে পিসিবির নতুন চেয়ারম্যানের। ইনভেস্টররা ব্ল্যাংক চেকের নিশ্চয়তা দিলেও পিসিবির ফান্ডিং নিয়ে আছে বেশ খানিকটা সংশয়।
আরও পড়ুন: ১৩০০ লোকের পার্টিতে আটক মাত্র ১৭ কেন, প্রশ্ন আরিয়ানের
শুধুমাত্র আইসিসির ফান্ডিংয়ের ওপর পাকিস্তান দল নির্ভর করে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘পিসিবির ৫০ শতাংশ চলে আইসিসির ফান্ডিং দিয়ে। আর আইসিসির ফান্ডিংয়ের ৯০ শতাংশই আসে ভারত থেকে। আমার ভয় হলো ভারত যদি আইসিসিকে ফান্ড দেয়া বন্ধ করে দেয় তাহলে পিসিবি হয়তো ধসে পড়বে। কারণ আইসিসিকে কোনো ফান্ডিং দেয় না পাকিস্তান।’
এছাড়া পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে প্রত্যয়ী রমিজ জানান, শক্তিশালী অর্থনীতিই যেকোনো ভাবে দলকে ব্যবহারের চর্চা থেকে বের করে আনবে।
এসময় বর্তমান পরিস্থিতিতে সেরা ক্রিকেট দল এবং সেরা ক্রিকেট অর্থনীতিকে পিসিবির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
একাত্তর/টিএ
