প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সম্মানে বাউফলের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পটুয়াখালী জেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
আগামি ১১ নভেম্বর বাউফলের নওমালা ও সূর্যমনি ইউপি নির্বাচন উপলক্ষে সোমবার (৮ নভেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, বাউফল একটি শিক্ষিত জনপদ। প্রধান নির্বাচন কমিশনারের বাড়ি এই জনপদে। তার সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সকলের। প্রতিদ্বন্দী প্রার্থীরা একে অপরের প্রতি সহিষ্ণুতা ও সম্মান প্রদর্শন করলে নির্বাচন নিরপেক্ষ, অবাধ, স্বচ্ছ এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। আর এটা আমার সকলেই চাই।
জেলা প্রশাসক বলেন, প্রত্যেক প্রার্থীকে আমরা অনুরোধ করছি যেন নির্বাচনী আচারণবিধি মেনে চলেন। কোন ধরণের ব্যত্যয় আমারা হতে দেবো না। কেউ যদি মনে করেন, নির্বাচনে কোন ধরণের প্রভাব খাটাবেন তবে সেটা ভুলে যান। আমরা চাই না শিক্ষিত এই জনপদে অনুষ্ঠিত নির্বাচনে কোন ধরণের সহিংস ঘটনা ঘটুক।
আরও পড়ুন: বাসে নতুন ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে পুলিশ, র্যাব, আনসার-ভিডিপিসহ প্রশাসনের সকল স্তরের লোকজন মাঠে রয়েছে বলেও জানান তিনি।
উক্ত মতবিনিময় সভায় নওমালা ও সূর্যমণি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীগণ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী র্যাব-৮ এর অধিনায়ক লে: শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাহেব আহমেদ চৌধুরী, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার মো. কামারুজ্জামান এবং উপজেলা নির্বাচন অফিসার মো. তারিকুল ইসলাম।
উল্লেখ্য আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য পটুয়াখালীর ১৯ টি ইউনিয়নের মধ্যে বাউফলের নওমালা ইউনিয়ন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। ওই ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র ঘোড়া মার্কার সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘাত সংঘর্ষে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
একাত্তর/আরএইচ
