বিশ্বের অধিকাংশ দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। মৃত্যু হার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও রোজই বাড়ছে শনাক্তের হার। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ছয় হাজার ৩০০ জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ২৬ লাখের বেশি মানুষের।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার (৮ জানুয়ারি) সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৯৭ হাজার ৪৮ জন।
মহামারী শুরুর পর থেকে বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে ৩০ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৫৬ জনের। আর আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৮২ লাখ ৩৫ হাজার ৯৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে দুই হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। আর আক্রান্ত আট লাখ ৪৯ হাজার ১৮১ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এখন দ্বিতীয় স্থানে রাশিয়া। শেষ একদিনে দেশটিতে সাতশ' ৮৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৭৩৫ জন।
আরও পড়ুন: ২০২২ হবে অবকাঠামো উন্নয়নের মাইলফলক: প্রধানমন্ত্রী
রাশিয়ার পরেই প্রাণহানির তালিকায় রয়েছে পোল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৫৭ জন, ব্রাজিলে ১৪৮, যুক্তরাজ্যে ২২৯, জার্মানিতে ২৮৪ এবং ইটালিতে ২২৩ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে।
একাত্তর/আরবিএস
