ঝালকাঠির নলছিটিতে মাছ ধরা নিয়ে ভাইয়ের মারধরে ষাটোর্ধ বৃদ্ধ খোকন চন্দ্র শীলের মৃত্যু হয়েছে। উপজেলার মোল্লারহাটের মালুহার গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (১৬ জানুয়ারি) সকালে মরদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত খোকন চন্দ্র শীল (৬৫) ঐ গ্রামের মৃত মাধব চন্দ্র শীলের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সঞ্জয় চন্দ্র শীলের স্ত্রী লিপি শীলকে আটক করেছে পুলিশ
নিহতের ছেলে সঞ্জীব চন্দ্র শীল জানান, শনিবার বিকেলে তাদের বাড়ির সামনের জলাশয়ে চাচা সঞ্জয় চন্দ্র শীল মাছ ধরছিলেন। তিনি মাছ ধরতে নিষেধ করায় তার চাচা গালিগালাজ করতে করতে একপর্যায়ে তাকে মারধর শুরু করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার
বিষয়টি টের পেয়ে বাবা খোকন চন্দ্র শীল থামানোর জন্য আসলে তাকেও সঞ্জয় ও তার স্ত্রী লিপি মিলে মারধর করেন। এক পর্যায়ে খোকন চন্দ্র শীল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে রাত সাড়ে ৯ টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সকালে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল তৈরি করে বেলা ১২টায় মরদেহটি ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
