পাবনা সদরে শাহীন হোসেন (৩০) নামের এক যুবককে হত্যার দায়ে তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
নিহত শাহীন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুরের চরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কাশিনাথপুরের চরপাড়ার গ্রামের মো. শাহেদ আলীর তিন ছেলে মো. বাবু (৩৮), মো. মোস্তফা (৩২) এবং মো. আবু (৩৫)। তারা সবাই পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৭ জুলাই রাতে কাঠমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে মালঞ্চির রামানন্দপুরের কালভার্ট রোডে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা ব্যক্তিরা চাপাতি, টাংগি, লাঠি ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে শাহীন হোসেনকে।
আরও পড়ুন: মুরগির পিকআপে গাঁজা পরিবহন, আটক দুই
এসময় আশপাশের লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী মোছা. সিমা খাতুন ১০ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে সাতজনকে বাদ দিয়ে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। দীর্ঘ শুনানির পর আদালত এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ও পরিকল্পনাকারী তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইদ্রিস আলী।
একাত্তর/এসজে
