রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কার মধ্যে পূর্ব সম্মুখে একে অপরের ওপর গুলি চালানোর পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন রাশিয়া সমর্থিত বিদ্রোহী এবং ইউক্রেনীয় সেনারা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এ আক্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গত আট বছর ধরে সীমান্তে যে ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, এটিও অনেকটাই সেরকম।
বিচ্ছিনতাবাদীরা অভিযোগ করেছেন, সরকারী বাহিনী গত ২৪ ঘণ্টায় তাদের ওপর চারবার গুলিবর্ষণ করেছে।
অন্যদিকে সরকারী বাহিনী বলছে, বিদ্রোহীরা তাদের ওপর কামানের গোলা বর্ষণ করেছে, যার কয়েকটি আঘাত হানে একটি কিন্ডারগার্টেন স্কুলের ওপর। এতে দুইজন বেসামরিক নাগরিক আহত হন।
বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা লুহানস্ক অঞ্চলে অবস্থিত রয়টার্সের এক ফটোসাংবাদিক জানান, সমর সম্মুখের দিক থেকে গোলাগুলির শব্দ পেয়েছেন তিনি। তবে এর বিস্তারিত সম্পর্কে নিশ্চিত করে কোনোকিছু জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন: ব্রাজিলে ভূমিধসে শতাধিক নিহত
রাশিয়ার ইউক্রেন আক্রমণের শঙ্কায় যখন গোটা বিশ্ব সন্ত্রস্ত, তখন এই অভিযোগ ও পাল্টা অভিযোগে নতুন করে চিন্তায় পড়েছে ইউরোপ।
বিচ্ছিনতাবাদীদের সাথে এসব সংঘর্ষকে অজুহাত হিসেবে ব্যবহার করে রাশিয়া যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করে বসতে পারে বলে আশঙ্কা করছে কিয়েভ।
অন্যদিকে রাশিয়ার অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের উসকে দিয়ে যুদ্ধ বাধাতে চাইছে ইউক্রেন।
একাত্তর/এসজে
