ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাহবুব নামের এক যুবক তার দুই শিশু ভাগ্নিকে গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীরবলশা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামা মাহবুবকে (২৫) আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বারটার দিকে কাজীরবলশা গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সীর পুত্র মানসিক রোগী মাদ্রাসা ছাত্র মাহবুব (২৫) তার বড় বোন হালিমা খাতুনের কন্যা তৃপ্তি (৫) ও সালমা বেগমের কন্যা সায়মা (৪) কে বাড়ির একটি ঘরে খিল আটকিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার সময় ঐ দুই শিশুর মা পাশের ঘরে অবস্থান করছিল।
আরও পড়ুন: কুমিল্লায় জব্দ হাজার লিটার তেল, জরিমানার পর দোকান সিলগালা
এসময় একই বাড়ির কামাল হোসেনের পুত্র তাওহিদুল (১৫) দেখতে এগিয়ে এলে ঘাতক তার মাথায় কোদাল দিয়ে আঘাত করে গুরুত্বর জখম করে। তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর রক্তমাখা শরীর নিয়ে বাড়ির পাশে মসজিদে গিয়ে বসেছিলেন মাহবুব। পরে স্থানীয়রা তাকে মসজিদের ভিতর তাকে আটক করে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘাতক মাহবুবকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল মোস্তাফিজুর রহমান, ইউএনও মোসা. হাফিজা জেসমিন, ওসি আব্দুল আব্দুল কাদের মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, ময়না তদন্তের জন্য দুই শিশুর লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একাত্তর/এআর
