সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইলিশপুরে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম নাজমা খাতুন (৪০)। আটক স্বামীর নাম আব্দুল আলীম। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
নিহতের ছেলে বাবু সরদার জানান, সকাল থেকে তার বাবা-মা ঝগড়া করছিলেন। এসময় তার দাদী আব্দুল আলীমকে বলেন, তুই যদি তোর বউকে না মারিস তবে আগের মত ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াবো।
আরও পড়ুন: দায়ের কোপে শিশু ভাতিজিকে হত্যার অভিযোগ, চাচা পলাতক
এরপর বাবু সরদার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ফিরে এসে তার মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। দাদীর কথা শুনে তার বাবা মাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪ টি কোপ দেন স্বামী আব্দুল আলীম। এসময় শরীর থেকে তার মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরো জানান, স্ত্রীকে হত্যার পর আব্দুল আলীম পালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে কাজীরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
একাত্তর/এসজে
