ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে জিতে জয়ের আরও একধাপ কাছে এগিয়ে গেলেন বর্তমান প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ।
তবে, ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের নির্বাচনে ম্যাক্রোঁকে লড়তে হবে চরম ডানপন্থি প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেনের সঙ্গে। আগামী ২৪ এপ্রিল চূড়ান্ত ধাপের ভোট হবে।
রোববার (১০ এপ্রিল) প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম চার ঘণ্টায় মাত্র ২৫ শতাংশ ভোট পড়ে, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন।
৯৭ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, ম্যাক্রোঁ পেয়েছেন ২৭ দশমিক ৩৫ শতাংশ ভোট। আর লা পেনের পক্ষে ভোট পড়েছে ২৩ দশমিক ৯৭ শতাংশ। এর পরে সর্বোচ্চ ভোট পেয়েছেন জিন-লুক মেলেশন ২১ দশমিক ৭ শতাংশ।
প্রাথমিক ফলাফল ঘোষণার পর ম্যাক্রোঁ তার উল্লসিত সমর্থকদের উদ্দেশে বলেন, ‘কোনো ভুল করবেন না, এখনও কিছুই নিশ্চিত হয়নি।’
ম্যাক্রোঁ প্রথম রাউন্ডে জয় পেলেও জনমত জরিপ বলছে, রান-অফ বা চূড়ান্ত ধাপের নির্বাচনে পেনের সঙ্গে তার আরও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
আরও পড়ুন: আজ নতুন প্রধানমন্ত্রী পাবে পাকিস্তান
এদিকে, প্রথম রাউন্ডের পর লা পেন তাকে ভোট দিতে ম্যাক্রোঁর সমর্থক ছাড়া বাকি সব ভোটারকে তার সঙ্গে যোগ দিয়ে ‘ফ্রান্সে শৃঙ্খলা ফিরিয়ে আনার’ আহ্বান জানান।
মারিন লা পেন ২০১৭ সালে এমানুয়েল ম্যাক্রোঁর কাছে বিপুল ভোটে হেরেছিলেন। এরপর তিনি তার দল ন্যাশনাল ফ্রন্টকে এখন ‘ন্যাশনাল র্যালি’ নামে নুতন করে গড়ে তুলেছেন, যদিও তার দলের নীতি খুব একটা বদলায়নি।
