রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে গোপাল বিশ্বাস (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের বনগ্রাম এলাকার শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গোপাল বিশ্বাস পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের বাদল বিশ্বাসের ছেলে। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও গোপাল বিশ্বাসের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বনগ্রাম শ্মশান ঘাট এলাকায় শ্বশুর বাড়ীর অদূরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গোপাল বিশ্বাস গুলিবিদ্ধ হন।
স্থানীয় লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে পাংশা ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত, আহত আরেক ছেলে
তবে কি কারণে তাকে গুলি করা হয়েছে সে বিষয়ে কোন তথ্য দিতে পারেনি পরিবারের সদস্যরা।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপাল বিশ্বাস গুলিবিদ্ধের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। থানা পুলিশ ক্লু উদ্ধার করাসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছে।
একাত্তর/এসজে
