নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বাবুল দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় অন্তত সাতজন আহত হন।
বৃহস্পতিবার (১২ মে) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত বাবুল দত্ত দনাচাপুর গ্রামে প্রভু দত্তের ছেলে।
কেন্দুয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, নিহত বাবুলের বাড়ির ওপর দিয়ে প্রতিবেশি সুবল দেবদের বাড়ির বৃষ্টির পানি যায়। এ নিয়ে বুধবার (১১ মে) দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়।
এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে বাবুল দত্ত গুরুতর আহত হন।
আরও পড়ুন: মেয়রের গোডাউনেই তিন হাজার লিটার সয়াবিন, লাখ টাকা জরিমানা
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা কেন্দুয়া ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
একাত্তর/এসজে
