ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলে রাশিয়ান সেনারা বাড়ি বাড়ি গিয়ে গণভোটের জন্য ভোট সংগ্রহ করছে বলে জানিয়েছেন সেখানকার ইউক্রেনীয় বাসিন্দারা।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে মৌখিকভাবে ইউক্রেনীয়দের উত্তর জেনে তা একটি কাগজে লিখে রাখছেন সেনারা।
এদিকে, খেরসন শহরের কেন্দ্রে রাশিয়ান গার্ডদেরকে ব্যালট বাক্স হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
তবে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, 'নিরাপত্তার' স্বার্থে বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করা হচ্ছে।
সংবাদসংস্থা তাস জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর কেন্দ্রে গিয়ে ভোট নেয়া হবে। তার আগ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ও কমিউনিটি পর্যায়ে ভোট নেয়া হবে।
ইউক্রেন বলছে, প্রেসিডেন্ট পুতিনের সমর্থনে আয়োজন করা এই গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজঝিয়া এবং খেরসনে আয়োজন করা এই গণভোটকে পশ্চিমা দেশগুলোও অবৈধ বলে বর্ণনা করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, পাঁচ দিন ধর চলা এই গণভোটের মাধ্যমে রাশিয়া চারটি অধিকৃত অঞ্চলকে অবৈধভাবে নিজেদের বলে দখল করে নিতে পারে।
এই 'অ্যানেক্সেশন' আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও, সেসব অঞ্চলের ওপর হামলাকে রাশিয়ার ওপর হামলা বলে দাবি করতে পারে রাশিয়া। যার ফলে যুদ্ধ আরও খারাপের দিকে যেতে পারে।
একাত্তর/এসজে
