চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
শনিবার (১৫ অক্টোবর) সকালে কর্ণফুলী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত দুইজনের পরিচয় শনাক্ত করেছেন তাদের স্বজনরা।
নিহতরা হলেন- ট্রলারের গিজারম্যান প্রদীপ চৌধুরী ও এমভি মাগফেরাত জাহাজের নাবিক রাকিবের বাবা রহমত আলী।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল্লাহ জানান, উদ্ধার করা মরদেহ দুইটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এ নিয়ে এ দুর্ঘটনায় নিখোঁজ সাতজনের মরদেহ উদ্ধার করলো নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে মেরামতের জন্য এফবি মাগফেরাত নামের ওই ট্রলারটি সী রিসোর্স ডকইয়ার্ডে যায়। ইয়ার্ডে ওঠার সময় ট্রলারের পেছনের পাখা ভেঙ্গে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
আরও পড়ুন: গাজীপুরে বাসচাপায় ভ্যানযাত্রীসহ নিহত চার
এসময় ট্রলারে থাকা ১৭ জনের মধ্যে ১০ জন লাফ দিয়ে সাঁতরে তীরে উঠে যেতে পারলেও সাতজন নিখোঁজ ছিলেন। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল নামে আরও একজনের মৃত্যু হয়।
পরে একে একে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলেও শনিবার পর্যন্ত দুইজন নিখোঁজ ছিলেন। সব মিলিয়ে এ নৌ দুর্ঘটনায় আটজন নাবিক নিহত হয়েছেন।
একাত্তর/এসজে
