ইউক্রেনকে জার্মানির প্রধান যুদ্ধ ট্যাংক 'লেপার্ড' সরবরাহ করার ব্যাপারে বার্লিনের ওপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত আগে ইউক্রেনকে 'আব্রামস' ট্যাংক সরবরাহ করা। এরপর জার্মানি তার লেপার্ড ট্যাংক সরবরাহ করবে।
এ নিয়ে নতুন করে দ্বন্দ্ব দেখা দিয়েছে ন্যাটো জোটে। এর আগেও রুশ জ্বালানি নিয়ে একই সংকটে পড়েছিল এ জোটভুক্ত দেশগুলো।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জার্মান কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি দাবি করেছে, কেবলমাত্র যুক্তরাষ্ট্র তার নিজের ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করলেই জার্মানি লেপার্ড ট্যাংক সরবরাহের অনুমোদন দেবে।
জার্মানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, জার্মানি লেপার্ড ট্যাংক সরবরাহ করার ব্যাপারে অনুমতি দিতে ইচ্ছুক তবে শুধুমাত্র আমেরিকা যখন ঘোষণা করবে যে, তারা কিয়েভকে আব্রামস ট্যাংক দিচ্ছে, তখনই বার্লিন এই অনুমোদন দেবে।
এদিকে গতকাল সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলযকে লেপার্ড ট্যাংক সরবরাহ করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, ইউক্রেনে সংঘাত বিস্তারের কারণে তিনি উদ্বিগ্ন।
প্রায় ১১ মাস যুদ্ধের শেষ পর্যায়ে এসে পোল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্ক স্বেচ্ছায় ইউক্রেনকে জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক দিতে আগ্রহী কিন্তু এসব ট্যাংক দিতে হলে জার্মানির অনুমতি লাগবে।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার, তুরাগ তীরে মুসল্লিদের ঢল
এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে এক বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও ট্যাংক, সাজোয়া গাড়ি এবং গোলাবারুদ প্রয়োজন। অত্যন্ত দ্রুত তা ইউক্রেনের সেনার হাতে আসা দরকার। নইলে রাশিয়াকে আটকে রাখা যাবে না।
তবে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলযকে বলেছেন, সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সকলের সঙ্গে আলোচনা করাও প্রয়োজন।
একাত্তর/আরবিএস
