বসন্ত এসে গেলেও এখনও শীতের রেশ কাটেনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক চয় ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ছিলো সাত দশমিক ছয় ডিগ্রি।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এমন তাপমাত্রা আরও দুই একদিন বিরাজ করতে পারে। ভোরের দিকে কুয়াশা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে রাত থেকে সকাল ৮-৯টা পর্যন্ত শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি।
এদিকে গত সোমবার শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। অথচ দুই দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে পাঁচ ডিগ্রির মতো।
তাপমাত্রার এমন আচরণে কয়েক লাখ চা শ্রমিক জনগোষ্ঠী থেকে শুরু করে হাওর ও পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের দুর্ভোগ কিছুটা বেড়েছে।
আরও পড়ুন: নওগাঁয় আবারও পুকুর থেকে দুটি প্রাচীন মূর্তি উদ্ধার
স্থানীয়রা জানিয়েছেন, ভোরের দিকে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। দিনভর থাকছে কনকনে ঠান্ডা বাতাস। এতে দৈনন্দিন কর্মে মন্দাভাব দেখা দিয়েছে।
একাত্তর/এসি
