নরসিংদীর শিবপুরে মাকে বাচাতে গিয়ে বড় ভাই তারিকুল ভূঁইয়াকে (২৭) খুন করেছেন ছোট ভাই তারেক ভূঁইয়া (২৪)।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারিকুল ভূঁইয়া আধঘাটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
ঘটনার পর থেকে অভিযুক্ত তারেক ভূঁইয়া পলাতক রয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে বাড়িতে ঘুমচ্ছিলেন তারিকুল ভূঁইয়া। এসময় তার মা এসে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে তানভীরকে (৯) রাতের খাবার দিয়ে আসতে বলেন। খাবার দিয়ে আসতে পারবেনা বলে মায়ের সাথে তর্কে জড়িয়ে মাকে মারধর করতে থাকে তারিকুল।
এসময় মায়ের চিৎকারে পাশের রুম থেকে ছুটে এসে ছোট ভাই তারেক কাঠ দিয়ে তারিকুলের মাথায় আঘাত করে।
স্থানীয়রা ঘটনাস্থলে এসে তারিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: মাদারীপুরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
একাত্তর/আরএ
