রাজধানীর জুরাইন এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর স্বামীর দাবি তিনি অভিমানে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জুরাইনের আলম মার্কেট মসজিদ গলির একটি বাসা থেকে মুন্নি নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মুন্নি আক্তার (২৬) শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার চণ্ডিপুর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।
নিহতের স্বামী মো. রুবেল মিয়া জানান, প্রতিবেশী এক নারীর সাথে বাক-বিতণ্ডা হয় মুন্নির। এ ঘটনায় তিনি তার স্ত্রীকে বকাবকি করেন। পরে তিনি বাইরে থেকে এসে ঘরের জানালা দিয়ে মুন্নির ঝুলন্ত দেহ দেখতে পান।
রুবেলের দাবি, স্থানীয়দের সহায়তায় তিনি স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রুবেল মিয়া একজন পরিবাহন শ্রমিক। দুই বছর আগে তাদের বিয়ে হয়।
আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
একাত্তর/আরএ
