চাঁপাইনবাবগঞ্জে সাতটি পিস্তল, পাঁচটি ওয়ান শ্যুটার গান, ৪০ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন রাখার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। যাবজ্জীবন ছাড়াও আরেকটি ধারায় প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার আতাউল শিমুল গ্রামের মো. আলামিন খন্দকার (২৯) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমাপাড়া গ্রামের মো. মজিবুর রহমান ধুলা (৪৫)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পাথরভর্তি ট্রাকে করে অস্ত্রগুলো পাচার হচ্ছিল।
এসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর গ্রামের মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে থেকে ট্রাকসহ অস্ত্রগুলো আটক করে। পরে র্যাবের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভুঁইয়া শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: কুমিল্লায় ১৩ বছর আগের হত্যা মামলায় দুইজনের ফাঁসি
২০২০ সালের ১৫ জানুয়ারি উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় দেয়। একটি সাজা শেষের পর আরেকটি সাজা ভোগ করবেন আসামিরা।
একাত্তর/এসজে
