নতুন জঙ্গি সংগঠন প্রধানের নির্দেশে সেনাদের ওপর হামলা

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৯:১৩ পিএম

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান এবং প্রতিষ্ঠাতা শামিন মাহফুজের নেতৃত্বে সেনা সদস্যদের ওপর হামলার করা হয় বলে জানিয়েছে সিটিটিসি।

সংস্থাটির প্রধান মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শামিন হামলা চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তার বরাত দিয়ে আসাদুজ্জামান জানিয়েছেন, তাদের পরিকল্পনায় ছিল ‘যুদ্ধ হবে আক্রমণাত্মক, রক্ষণাত্মক নয়’।

তিনি জানান, কারাগারে থাকা শীর্ষ জঙ্গিদের সংস্পর্শে এসে নতুন একটি সংগঠন তৈরির পরিকল্পনা ছিলো তার। পাহাড়ি সংগঠন কুকিচিনের সঙ্গে এক হয়ে সংগঠনকে শক্তিশালী করতে চেয়েছিলেন শামিন মাহফুজ। 

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

এর আগে শুক্রবার রাতে ডেমরায় স্ত্রীসহ তাকে গ্রেপ্তার করে  কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সংস্থাটির দাবি, এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শামিন ছয় বছর পলাতক ছিলেন।

image


গ্রেপ্তার শামিন মাহফুজের স্ত্রীর নাম নাজনীন। তিনি আনসার আল ইসলামের ইজাজ কারগিলের স্ত্রী ছিলেন। কারগিল যুদ্ধে ড্রোন হামলায় ইজাজ মারা যায়। তার আগে ইজাজ যখন পাকিস্তান চলে যায়, তখন সংগঠনের সিদ্ধান্তে তার স্ত্রীকে বিয়ে করে শামিন। তার স্ত্রী নাজনীনও জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্য হিসেবে নারীদের মধ্যে দাওয়াতি কার্যক্রমে জড়িত ছিল।

আসাদুজ্জামান জানান, জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের পর আত্মসমর্পণের প্রস্তাব দেয় পাহাড়ে তাদের আশ্রয়দাতা বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান নাথান বম। কিন্তু হিন্দাল শারক্বিয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেন। 

সিটিটিসি প্রধানের আশা, আলোচিত এই জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা ও মূল ব্যক্তি শামিন মাহফুজকে গ্রেপ্তারের মধ্যদিয়ে একটি অধ্যায়ের সমাপ্তি হবে। 

image


সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, ছাত্র জীবন থেকেই শামিন মাহফুজ অত্যন্ত মেধাবী ছিলেন। এসএসসিতে তিনি রাজশাহী বোর্ডে পঞ্চম স্থান অর্জন করেন। এরপর রংপুর ক্যাডেট কলেজে পড়াকালীন শিবিরের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাকে ক্যাডেট কলেজ থেকে বহিষ্কার করা হয়। এরপর অন্য একটি কলেজে ভর্তি হয়েও মেধার পরিচয় দেন তিনি। এইচএসসিতে রাজশাহী বোর্ডে সপ্তম স্থান অর্জন করেন।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শামিন মাহফুজ তার বড় ভাইয়ের ছেলের মাধ্যমে জঙ্গি সংগঠনে জড়িয়ে যান। যে সংগঠনটি পরে আনসার আল ইসলাম হিসেবে আত্মপ্রকাশ করে। 

২০০৭ সাল থেকেই শামিন মাহফুজ সংগঠনের আধ্যাত্মিক নেতা জসীম উদ্দিন রহমানীসহ শীর্ষ নেতৃত্বের সংস্পর্শে আসে। 

image


মো. আসাদুজ্জামান জানান, ঢাবিতে পড়ার সময়েই শামিন পাহাড়ে ক্যাম্পের পরিকল্পনা করেন। সে অনুযায়ী পাহাড়ে চলে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে এনরোলমেন্ট হয়। পাহাড়ে ক্ষুদ্র জনগোষ্ঠী ছিল তার গবেষণার বিষয়। ইচ্ছা করেই তিনি ওই বিষয়টি নেন, যাতে পাহাড়ে গিয়ে সেখানে নিরাপদ আস্তানা তৈরি করতে পারেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, শামিন মাহফুজকে ২০১১ সালে বিজিবি গ্রেপ্তার করেছিল। জেল থেকে বেরিয়ে তিনি একই কার্যক্রম অব্যাহত রাখেন। 

২০১৪ সালে ডিবি  আবারও তাকে গ্রেপ্তার করে। এরপর তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। সেখানে নতুন এই জঙ্গি সংগঠনের প্রথম পরিকল্পনা করেন। সেখানে থাকা অবস্থায় আটক  হুজি এবং জেএমবির শীর্ষ নেতৃত্ব সাইদুর রহমান, মুফতি হান্নান, আবু সাঈদের সংস্পর্শে আসেন শামিন।  তখন রক্সিও জেলখানায় ছিল। সে সময় কারাগারে থাকা জঙ্গি নেতারা জানতো যে- শামিন মাহফুজ এবং রক্সি আগেই জেল থেকে বের হবে। তাই তাদের ওপর দায়িত্ব দেওয়া হয় নতুন প্ল্যাটফর্ম তৈরির জন্য। ২০১৭ সালে রক্সি এবং ২০১৮ সালে শামিন মাহফুজ জেল থেকে জামিনে ছাড়া পায়। এরপর থেকে তারা সদস্য সংগ্রহ শুরু করে। কিন্তু তখনও সংগঠনের নাম ঠিক করা হয়নি। তবে তারা একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে থাকে। রক্সি দাওয়াতি কার্যক্রম এবং শামিন মাহফুজ পাহাড়ে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া শুরু করে। ২০১৯ সালে রক্সিকে সংগঠনের আমির হিসেবে নিযুক্ত করা হয়।

image


সিটিটিসির প্রধান বলেন, ঢাবিতে থাকাকালীন সময় থেকেই শামিনের ঘনিষ্ঠ বন্ধু ছিল কুকি চিনের প্রধান নাথান বম। উদ্দেশ্যমূলকভাবেই নাথান বমের সঙ্গে পরিকল্পনা করে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। তখনই নাথান বমের সঙ্গে পাহাড়ে বেড়াতে গেছে শামিন। ২০১৯ সালে নাথান বমকে জঙ্গি সংগঠন তৈরির কথাটি জানায় এবং সশস্ত্র জিহাদের প্রস্তুতের জন্য তাকে ট্রেনিং ক্যাম্প স্থাপনের প্রস্তাব দেন। 

২০২০ সালে কক্সবাজারের একটি হোটেলে বসে কুকি চিন ও নতুন জঙ্গি সংগঠন শারক্বিয়ার মধ্যে সমঝোতা স্মারক হয়। 

আসাদুজ্জামান জানান, আমরা শামিনের কাছ থেকে হাতে লেখা দুই পৃষ্ঠার স্মারকটি উদ্ধার করতে পেরেছি। সেখানে কুকি চিন কর্তৃক জঙ্গি সংগঠনটিকে সহযোগিতার বিষয়ে বিস্তারিত উল্লেখ ছিল। তখন থেকেই কুকি চিনের আওতায় তাদের সশস্ত্র প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

তিনি আরও বলেন, ২০২১ সালে সিলেট থেকে ছয় তরুণ নিখোঁজ হয়। এপ্রিলে প্রথম ১২ জনকে নিয়ে পাহাড়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। কুকি চিনের ক্যাম্পের পাশেই কেডিসি নামে জঙ্গিদের ক্যাম্পটি পরিচালিত হয়। প্রশিক্ষণ ক্যাম্পে বসেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। ২০২২ সালের শুরুর দিকে ৩০ জনের বেশি তরুণ নিখোঁজ হয়। তখনই আমরা এ সংগঠনের তৎপরতার বিষয়ে অবগত হই।

রক্সি গ্রেফতারের পর মূল ব্যক্তি হিসেবে তমালকে আমির হিসেবে নিয়োগ দেয় শামিন মাহফুজ। ২০২২ সালে সুরা কমিটি গঠন করে বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়।

নতুন এই জঙ্গি সংগঠনের উদ্দেশ্য সশস্ত্র জিহাদ করা। তাদের মতে, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যারা কাজ করে, তারা মুরতাদ। তাদের বিরুদ্ধে যুদ্ধ করাই মূল উদ্দেশ্য ছিল। তবে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিশ্চিত হতে আমাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে বলে জানান সিটিটিসি প্রধান।


একাত্তর/এসি

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর