গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন আরও ৫০০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি। এ সময়ে দুইজন মারা গেছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪১৭ জন ঢাকার। ৮৩ জন অন্যান্য বিভাগের।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫০৩ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ১৫৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩৪৪ জন।
আরও পড়ুন: নতুন জঙ্গি সংগঠন প্রধানের নির্দেশে সেনাদের ওপর হামলা
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৩৯ জন। এদের মধ্যে ঢাকায় ৫ হাজার ৩৫২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৮৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
একাত্তর/আরবিএস
