অরুণ জেটলি স্টেডিয়ামে নতুন এক ইতিহাস লিখলো আফগানিস্তান। গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে এবার বিশ্বকাপ মাতালো রশীদ, মুজিবরা।
২৮৫ রানের লক্ষ্য যে আজ ইংলিশদের জন্য ভারী হতে চলেছে তা শুরুতেই বোঝা যায় বেয়ারস্টোর বিদায়ের মাধ্যমেই। এর পর মালান-রুট একপা, দুইপা করে আগাতে থাকলেও পাওয়ার প্লের আগেই রুটকে (১১) ছেঁটে দেন মুজিব। আর ১২ দশমিক দুই ওভারে মালানকে (৩২) ফেরান নবী। ইংল্যান্ডের স্কোর তখন ৬৮ রানে তিন উইকেট। তবে এর মধ্যে রানের চাকা নিয়মিত ঘুরিয়ে যাচ্ছিলেন ব্রুক।
মালানের বিদায়ের পর ব্যাট করতে আসেন ইংল্যান্ডের অন্যতম ভরসা জস বাটলার। কিন্তু এদিন বাটলারের ব্যাটের যে ধার তা আর খোলনলচে বের হতে দেননি নাভিন। ১৭ দশমিক দুই ওভারে বাটলারকে (৯) ক্লিন বোল্ড করেন তিনি। এরপর থেকে ইংল্যান্ডের অস্ত যেতে থাকে।

তবে ৩৪ দশমিক দুই ওভারে মুজিবের বলে একপাশ আগলে থাকা ব্রুক (৬৬) যখন ইকরামের হাতে ধরা পড়েন তখনই নিশ্চিত হয়ে যায় আফগানিস্তানের জয়।
এরপর লিভিংস্টোন (১০) ও শ্যাম কারেনকে (১০) ফিরিয়ে রশীদ ও নবীরা জয় প্রায় নিশ্চিত করেন। টেল এন্ডে আদিল রশীদ, মার্ক উড, টপলিরা এলোপাথাড়ি ব্যাট চালিয়ে কিছু রান তুললে তাতে জয় আসেনি। ৪০ দশমিক তিন ওভারে মার্ক উডকে বোল্ড করে বাঁধভাঙা উচ্ছাস আর উদযাপনে মেতে উঠেন আফগানরা। ২১৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। আর আফগানিস্তান জয় পায় ৬৯ রানে।
আফগান বোলারদের মধ্যে মুজিবুর রহমান, রশীদ খান তিনটি করে, মোহাম্মদ নবী দুটি এবং ফজল ফারুকী ও নাভিন-উল-হক একটি করে উইকেট নেন।
প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে মুজিবর রহমান।

আফগানদের লড়াকু স্কোর, ইংলিশদের লক্ষ্য ২৮৫
দিল্লিতে টস হেরে ব্যাট করে নেমে ভালো শুরু করে আফগানিস্তান। প্রথম পাওয়ার প্লে ভালোভাবে শেষ করে উদ্বোধনী জুটি গুরবাজ ও জাদরান। এরপর প্রথম ১৫ ওভার পর্যন্ত তাদের কাটে স্বপ্নের মতো।
কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি আফগান শিবিরে। ১৬ দশমিক চার ওভারে রান যখন ১১৪, তখন এই রান থেকে ১২২ রান যেতেই তাদের খরচ হয়ে যায় প্রথম সারির তিনটি উইকেট। জাদরান (২৮), রহমত শাহের (৩) পর গুরবাজ প্যাভিলিয়নের পথ ধরলে ব্যাটিং বিপর্যয়ের পড়েন তারা। ততক্ষণে ৫৭ বলে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন গুরবাজ।
এরপর ইকরাম আলী খিল (৫৮), রশীদ খান (২৩) ও মুজিবের (২৮) ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পায় আফগানরা। ইনিংস শেষে সবকয়টি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৮৪।
এদিন ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশীদ তিনটি, মার্ক উড দুটি, টপলি, লিভিংস্টোন ও জো রুট একটি করে উইকেট নেন।

টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড
ওয়ানডে বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড। দিল্লিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আফগানিস্তান।
টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলার। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করলেও বাংলাদেশকে হারিয়ে জয়ের মোমেন্টাম খুঁজে পেয়েছে ইংলিশরা।
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত দুইবারের দেখায় শতভাগ জয়ের রেকর্ড বাটলার বাহিনীর। নেট প্র্যাকটিস করলেও বেন স্টোকসের সার্ভিস পাওয়া নিয়ে শঙ্কা কাটেনি। ক্রিস ওকসের জায়গায় আসতে পারেন ডেভিড উইলি। অন্যদিকে, বিশ্বকাপে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি আফগানরা।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল হক ও ফজল হক ফারুকি।
