সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মৌমিতা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, যাত্রাবাড়ীর শনির আখড়া চৌরাস্তা ব্রিজের উপরে মৌমিতা পরিবহনের বাসে আগুনের খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে।
অবরোধের প্রথমদিন রোববার সন্ধ্যার পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে যানবাহনে আগুন লাগার খবর আসে।
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের চতুর্থ দফার ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি শুরু হয় রোববার ভোর ৬টা থেকে। গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ থেকে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে অবরোধ করে তারা। আলাদা কর্মসূচি দিয়ে সঙ্গে যোগ দেয় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত। এছাড়া বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা কয়েকটি দলও একই কর্মসূচি দেয়। সেই অবরোধ শেষে গত ৫ নভেম্বর নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।
গত ৬ নভেম্বর তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয় বিএনপি ও সমমনা দলগুলো।২৮ অক্টোবর সমাবেশের দিন থেকে অবরোধ কর্মসূচির শুরুর পর থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন সড়কে বাস, ট্রাক, অটোরিকশায় আগুন দেওয়ার এবং ভাঙচুর করার খবর এসেছে।
২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর ২০১৫ সালে ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে টানা তিন মাস হরতাল-অবরোধ পালন করে বিএনপি-জামায়াত জোট।
তিন মাসের অবরোধে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যু হয়। বহু গাড়িতে পেট্রোল বোমা মারা হয়। সরকার হঠাতে না পেরে ২০১৮ সালে তারা নির্বাচনে অংশ নেয়। এবার সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবারও তারা আন্দোলন করছে।
