দুই দিনব্যাপী ২৫তম জাতীয় ‘নবান্ন উৎসব-১৪৩০’ শুরু হয় বৃহস্পতিবার বিকেলে। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।
শুক্রবার জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের দ্বিতীয় দিনের আয়োজন ছিলো চারুকলায়। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দেশব্যাপী সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দুইদিন ব্যাপী জাতীয় নবান্ন উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
গুণীশিল্পীদের সুরের মূর্ছনার মধ্যদিয়ে বৃহস্পতিবারে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উৎসবের দ্বিতীয় দিনে দেশবরেণ্য সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পীগণ একক ও দলীয় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনার কথা ছিলো।
প্রথম দিনের অনুষ্ঠানে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ এর সভাপতি লায়লা হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গীতা ইমাম এবং আফরোজা হাসান শিল্পী।
এ উৎসবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকিসহ অনেকেই।
