বঙ্গোপসাগরে ভাসমান ফিশিং ট্রলার থেকে ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার মধ্যরাতে কক্সবাজার সাগরের ইনানী পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড কক্সবাজারের ষ্টেশন কমান্ডার লে. কমান্ডার সালমান ছিদ্দিকী স্বাধীন এসব তথ্য জানান।
লে. কমান্ডার স্বাধীন জানান, শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলি আঘাত শুরু করলে ১৮ মাঝিমাল্লা নিয়ে ফিশিং ট্রলার মায়ের দোয়া নিরাপদে ছুটতে থাকে তীরের দিকে। মাঝপথে সাগরের ২৬ নটিক্যাল মাইল দুরে ট্রলারের ইঞ্জিনের প্যাকাটি নষ্ট হয়ে যায়। সাগরে ভাসতে থাকা ট্রলারটির মাঝি ৯৯৯ নাম্বারে ফোন করলে কোস্টগার্ড উদ্ধার অভিযানে নামে। শুক্রবার রাত একটার দিকে ২৪ ঘণ্টা ধরে ভাসতে থাকা জেলেদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে কোস্টগার্ড।
ষ্টেশন কমান্ডার আরও জানান, উদ্ধারের পর ১৮ জেলেকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের ট্রলারের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
বঙ্গোপসাগরে দুই ট্রলারসহ ২৫ জেলে নিখোঁজ