টানা চার বার সরকার গঠনের পর শনিবার দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর এটাই গোপালগঞ্জে তার প্রথম সফর।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তার।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দুই দিনের এই সফরের দ্বিতীয় দিন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে মন্ত্রীসভার সদস্যদেরও। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানাতে।
কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি শেখ আয়নাল হোসেন বলেন, যখনি শুনেছি নেত্রী আমাদের আসবেন, আমরা তখন থেকে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছি।
এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্গলাবাহিনী প্রস্তুত।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।
পরে বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীসভার ৩৬ সদস্য। সন্ধ্যা সাতটায় তাদের শপথ-বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এরপর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
শপথে যা পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ব্যাপক রদবদল ঘটিয়ে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন