করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমাতে কোরবানির ঈদের পর বিধিনিষেধ আরও কঠোর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্যারেড গ্রাউন্ডে ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে বক্তব্যে এ মন্তব্য করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
জাতীয় কারিগরি কমিটির সিদ্ধান্তের প্রশংসা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই সময় শিল্প কলকারখানাও বন্ধ রাখা হবে। আমাদের ভাবতে হচ্ছে বড় ধর্মীয় উৎসব নিয়েও। কোরবানিকে ঘিরে চিন্তাভাবনা করতে হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু ভাবতে হয়।
ঈদের পর শিল্প কলকারখানা বন্ধ রেখে কঠোর বিধিনিষেধ দেওয়া হবে। এটা হলে ভালো কন্ট্রোলে আসবে।
আরও পড়ুন: ‘মাস্টাররোলে সই নিয়ে টিন ও টাকা দেননি ভাইস চেয়ারম্যান’
ফরহাদ হোসেন বিজিবির সক্ষমতার প্রশংসা করে বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বিজিবি এখন অনেক শক্তিশালী। এ বাহিনীকে আরও আধুনিকভাবে গড়ে তুলতেও সরকার কাজ করে যাচ্ছে। তিনি চুয়াডাঙ্গা-৬ বিজিবি দপ্তরের একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন। সেইসঙ্গে মেহেরপুর জেলায় বিজিবির নতুন একটি ব্যাটালিয়ন সংযুক্ত করা হবেও উল্লেখ করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, বিজিবির যশোর রিজিওয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, মেহেরপুরের জেলা প্রশাসক মুনছুর আলম খান, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একাত্তর/এসি
