বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানী কয়েকটি রাস্তায় যান চলাচল সীমিত করা হয়েছে।
ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল উপলক্ষে আশপাশের এলাকায় কয়েকটি সড়ক বন্ধ বা ডাইভারশন থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করছে। এতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে।
এরপর দুপুর ২টা ৩০ মিনিটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
বন্ধ বা সীমিত যানবাহন চলবে যেসব রাস্তায়
ডাইভারশন পয়েন্টগুলো হচ্ছে‑ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, শাহবাগ ক্রসিং, কাঁটাবন ক্রসিং, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন ক্রসিংয়ে যানবাহন চলাচল সীমিত রাখবে ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগ।
প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান চলাকালে চলাচলের জন্য নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
এছাড়া জনসভায় আসা গাড়ি কোন কোন জায়গায় পার্ক করা যাবে তারও একটি তালিকা দিয়েছে ডিএমপি। রমনা-ট্রাফিক বিভাগের নির্দেশনায় সমাবেশে আসা গাড়িগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের মাঠ, হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠ এবং ফুলার রোডে পার্কিং করার জন্য বলা হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা