আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনে প্রক্রিয়া চলছে। সিলেটে দ্বিতীয় দিনের এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের এ আয়োজনে অংশ নিয়েছেন ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে সিলেট মেট্রো পলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বাছাইপর্ব। অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন সিলেটের প্রায় ২শ’ শিক্ষার্থী। তাদের থেকে ৪০ জনকে বাছাই করা হবে। এর মধ্যে ২০ জন সিনিয়র গ্রুপ এবং ২০ জন জুনিয়র গ্রুপে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সিলেট মেট্রো পলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যরা।
প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ জাতীয় পর্ব।

জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে ২১-২৪ আগস্ট ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন জানিয়েছেন, শেষ ৩০ জনের ক্যাম্প থেকে নির্বাচিত ৫ প্রতিযোগী ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
এছাড়া চূড়ান্ত পর্বে বিজয়ী সিনিয়র গ্রুপের তৃতীয় থেকে দ্বাদশ স্থান অধিকারীদের মধ্যে থেকে সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত দুইজনকে রাশিয়ান সরকারের পক্ষ থেকে বৃত্তি দেয়া হবে। তারা জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতি পদার্থ বিজ্ঞান বিষয়ে পড়ার জন্য রাশিয়া যেতে পারবেন।
অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে যোগ হয়েছে এপেক্সের নাম
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের জন্য ২০২৪ সাল এক সাফল্য আর আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে। অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আয়োজন করতে গিয়ে নিয়মিত স্পন্সর না পাওয়াটাই প্রায় স্বাভাবিক হয়ে উঠছিলো। এমন বিষাদময় আধার কাটিয়ে ভোরের সূর্যের দেখা পাবার মতোই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে এপেক্স গ্রুপ।

এপেক্স এসেছে! সঙ্গে করে আনন্দের বার্তা এবং আরও কিছু প্রতিষ্ঠানকেও নিয়ে এসেছে। এর মধ্যে অন্যতম গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লি.।
আর যারা সঙ্গী হয়েছে
তৃতীয় নামটি আমরা দেখতে পাই, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লি.। একে একে চলে আসে, পোলার আইসক্রিম, ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান লিঙ্কথ্রি, একাত্তর টিভি, সিটি ব্যাংক লি., ব্র্যাক ব্যাংক লি., রাশিয়ান হাউস ইন ঢাকা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, দুরন্ত টেলিভিশন, প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সঙ্গে আরও আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান শো এন্ড টেল এবং ফ্লোরিয়া টেক।
অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই শুরু