সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ টাকা আগের নিয়মেই মাজারের দৈনন্দিন পরিচালনা ব্যয় ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় খরচ করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বিশেষ কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠক শেষে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের সভার সিদ্ধান্তের বিষয়টি জানান।
এদিকে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসককে আহবায়ক করে সাত সদস্যের একটি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আয়-ব্যয়ের সঠিক হিসাব ও প্রশাসনিক তদারকির জন্য একজন অবসরপ্রাপ্ত সরকারি বা সামরিক কর্মকর্তাকে ‘ম্যানেজার’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি মাজারের সার্বিক নিরাপত্তায় সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
গত জুন মাসে নতুন নিয়মে মাজারের দানবাক্স চালুর পর চার দফায় মোট দুই কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার জমা পড়েছে।
