অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সদস্যপদ লাভের জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সমর্থন চান।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসিয়ানের অংশ হতে চাই, এবং এর জন্য আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন।
বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হতে আবেদন করেছিলো।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান চেয়ার হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে খাতভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করবে এবং পরবর্তীতে বাংলাদেশকে সংগঠনের পূর্ণ সদস্যপদ লাভে সহায়তা করবে।

সাক্ষাতের শুরুতে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক ফাইটার জেট দুর্ঘটনায় শোক প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা জবাবে বলেন, এটি আমাদের দেশের জন্য একটি বেদনাদায়ক ও দুঃখজনক ঘটনা। আমরা অনেক প্রাণ হারিয়েছি।
তিনি নুরুল ইজ্জাহকে নতুন দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় শুভেচ্ছা জানান। বলেন, আপনার রাজনৈতিক দলে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারমূলক পদক্ষেপগুলোর ওপর আলোকপাত করেন।
তিনি বলেন, আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকে গুলি খেয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা শাসনকে বিদায় করেছে। এটি প্রথমে তরুণদের নেতৃত্বে শুরু হলেও সব শ্রেণির মানুষ এতে অংশ নিয়েছে।
তিনি আরও বলেন, ছাত্ররা দেয়াল ও রাস্তায় জুলাই অভ্যুত্থানের চেতনা ফুটিয়ে তুলেছে।
মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এশিয়া দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে, কিন্তু বাংলাদেশে এখনো বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে। আমাদের অর্ধেক মানুষই ২৭ বছরের নিচে। এখানে শিল্প স্থাপন করুন এবং এখান থেকে রপ্তানি করুন। এটি উভয় দেশের অর্থনীতির জন্যই লাভজনক হবে।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
একনেকে ৮ হাজার ১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়