যুক্তরাজ্যে ভিসা ও স্থায়ী বসবাসের (ইন্ডেফিনিট লিভ টু রিমেইন) আবেদনকারীরা এখন আরও দ্রুত সিদ্ধান্ত পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দিয়ে ‘প্রায়োরিটি সার্ভিস’ নিতে পারছেন। বিশেষ এ সুবিধাটি পেতে গুনতে হবে বাড়তি ৫০০ পাউন্ড। এর আগেও এই পরিষেবাটি চালু ছিলো। তবে বেশ কিছু মাস বন্ধ থাকার পর আবারও চালু হলো ‘প্রায়োরিটি সার্ভিস’।
বুধবার (২৭ আগস্ট) একাত্তরকে এই তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য দূতাবাসের একটি সূত্র।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ‘প্রায়োরিটি সার্ভিস’ ব্যবহারের মাধ্যমে সাধারণত পাঁচ কর্মদিবসের মধ্যেই আবেদনকারীরা তাদের আবেদনের সিদ্ধান্ত পেতে পারেন। তবে, যুক্তরাজ্যের বাইরে থেকে পারিবারিক ভিসার আবেদনকারীদের জন্য এই সময়সীমা ৩০ কর্মদিবস।
এছাড়া, ‘সুপার প্রায়োরিটি সার্ভিস’ গ্রহণ করলে অধিকাংশ ক্ষেত্রে পরবর্তী কর্মদিবসের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। কিন্তু এই পরিষেবাটি এখনও বাংলাদেশে চালু হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবেদনকারীদের চূড়ান্ত সিদ্ধান্ত একটি চিঠি বা ইমেইলের মাধ্যমে জানানো হয়। তবে, কিছু ক্ষেত্রে বাড়তি সময়ও লাগতে পারে, বিশেষ করে যদি অতিরিক্ত তথ্য প্রয়োজন হয় বা আবেদনকারীর তথ্য অন্য সরকারি বিভাগের সঙ্গে যাচাই করতে হয়। এমন পরিস্থিতিতে আবেদনকারীদের তা জানিয়ে দেওয়া হবে।
