ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় শুভেচ্ছা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়; এটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ আবহমানকাল ধরে বসবাসকারী সব ধর্মের মানুষের এক যৌথ দেশ। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।
তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় স্বাধীনতার এই অধিকার সমুন্নত রাখার পাশাপাশি দেশের প্রতিটি পূজামণ্ডপ ও নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে, যাতে সবাই আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন।
