ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি একটি শোরুমে বিক্রি করে দিয়েছিলেন বলে আদালতকে বলেছেন গ্রেপ্তার মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান।
রোববার (১৪ ডিসেম্বর) অনুমতি নিয়ে এভাবেই আদালতে রিমান্ড আবেদন শুনানিতে নিজের কথাগুলো বলছিলেন শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নান।
তিনি বলেন, এ হোন্ডাটি মিরপুর মাজার রোড থেকে কিনেছিলেন তিনি। তবে হাতে সমস্যা হওয়ায় পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করেছিল। এজন্য বাসায় বাইকটি পড়েছিলো।
পড়ে থাকলে বাইকটি নষ্ট হয়ে যাবে ভেবে একটি শোরুমে বিক্রি তা বিক্রি করেন হান্নান। নামও পাল্টে দেয়ার কথা ছিলো। কিন্তু শোরুম কর্তৃপক্ষ দুই মাস আগে কল দিলেও অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করার জন্য যেতে পারেননি হান্নান।
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রোববার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
ওই ঘটনায় মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে চার কারণ তুলে ধরে হান্নানের সাত দিনের রিমান্ড আবেদন করেন পল্টন মডেল থানার এসআই সামিম হাসান।
শুনানির সময় হান্নান বলেন, গ্রেপ্তার করার পর র্যাবকে শোরুমে নিয়ে যাচাইয়ের অনুরোধ করলেও তারা সেখানে তাকে নিয়ে যায়নি। থানায় এসেও শোরুমে নিয়ে যেতে, আসল ঘটনা তদন্ত করতে বললেও তা করা হয়নি।
তবে মোটরসাইকেলের নম্বর পরীক্ষা করে এর মালিক হান্নানকে পাওয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে বিভিন্ন সময়ে এই মোটরসাইকেলটি ব্যবহার হয়েছে জানিয়ে আরও তথ্য জানতে রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ।
এসময় হান্নানকে তদন্তে সহযোগিতা করতে বলে ঢাকার মহানগর হাকিম দিদারুল আলম তার তিন দিনের রিমান্ড আদেশ দেন। এসময় আদালতে হান্নানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
