দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি রাজনীতির মাঠে ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছে অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, তারেক রহমান আমার একজন রাজনৈতিক সহকর্মী। দীর্ঘ ১৭ বছর পর তিনি সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন- বিষয়টি আমি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি।
দীর্ঘ সময় প্রবাসে থেকে দল পরিচালনার পর তারেক রহমানের সশরীরে উপস্থিতি দেশের রাজনীতির ময়দানে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও অনেকে মনে করছেন।
স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানালেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্য’ বা দলগুলোর মধ্যে সমঝোতার ক্ষেত্রে তারেক রহমানের ভূমিকা কেমন হবে, সেদিকে সতর্ক নজর রাখছে জামায়াত।
শফিকুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন, অথবা তার কী পরিকল্পনা আছে এবং তা কীভাবে বাস্তবায়ন করবেন- এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।

একই সুরে কথা বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিও তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।
দলের শীর্ষ দুই নেতার এই মন্তব্য থেকে স্পষ্ট যে, আওয়ামী লীগ পরবর্তী নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি-জামায়াত সম্পর্কের সমীকরণটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জামায়াতের এই ‘সতর্ক স্বাগত’ জানানোর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ।
ঐতিহাসিক ভাষণে নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন তারেক রহমান