স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে দেড় বছর পর খুললো শিক্ষাপ্রতিষ্ঠান। অপেক্ষার পালা শেষে শিক্ষাঙ্গনে আবারও লেগেছে প্রাণের ছোঁয়া।
শিক্ষার্থীদের বরণে নানা আয়োজনও করেছে কর্তৃপক্ষ। উৎসবের আমেজে আর রঙিন সাজে সেজেছিলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
এদিকে, স্বাস্থ্যবিধি মানায় কোনো অবহেলা পেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেছেন, এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়ার সুযোগ নেই।
করোনার কারণে বন্ধ হবার পর, ১৮তম মাসে এসে খুললো শিক্ষা প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীদের বরণের আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিলো বর্ণাঢ্য আয়োজন।
ঘরবন্দী সময় ফুরিয়েছে। তবে, স্কুলে এলেও বন্ধুকে জড়িয়ে ধরা মানা, টিফিন শেয়ার করা মানা। পরতে হবে মাস্ক। তাতে কি, প্রিয় সহপাঠী আর বন্ধুর সাথে দেখা তো হলো।
নিয়ম মেনে দুটি ক্লাস আর আসন বিন্যাস হয়েছে ঠিকঠাক। শুধু শিক্ষার্থী নয়, দিনটা আনন্দে ভরা ছিলো শিক্ষকদের কাছেও।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মানছেন না অভিভাবকরাই
সন্তানকে স্কুলে পাঠিয়ে আছে অভিভাবকরা যেমন আনন্দিত, তেমনি ছিলো উৎকণ্ঠাও। কোথাও কোথাও সেই উৎকণ্ঠা ভিড় বাড়িয়েছে অভিভাবকদের।
তাই শিক্ষাপ্রতিষ্ঠান চলার সময় ফটকের বাইরে ভিড় না করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এছাড়া, রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ স্বাস্থ্যবিধি মানায় অবহেলা করা হলে, তার কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একইভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের যারা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির দায়িত্বে থাকবেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
পাশাপাশি ইউনিফর্ম এবং ফি আদায়ের ক্ষেত্রে স্কুলগুলোকে কড়াকড়ি না করার আহবানও জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
একাত্তর/এসজে
