মোংলা বন্দরের ইনারবার ড্রেজিংয়ে নিয়োজিত চীনা প্রকৌশলীসহ দুইজনের ওপর হামলা চালিয়ে আহত করেছে স্থানীয় কতিপয় জমির মালিকরা।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পশুর নদীর চিলা-জয়মনির কোলাবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ জানায়, মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্পের খনন কাজে নিয়োজিত চীনা প্রকৌশলী অং ইয়াও (৪৫) ও সাইড ইঞ্জিনিয়ার তন্ময় (৪০) কাজের তদারকিতে সোমবার বেলা ১১টার দিকে কোলাবাড়ী এলাকায় যান। সে সময় সেখানকার কতিপয় জমির মালিক তাদের উপর অতর্কিত হামলা চালায়।
এসময় হামলাকারীরা ওই দুই প্রকৌশলীকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহতদের মধ্যে তন্ময়কে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর চীনা প্রকৌশলী অং ইয়াও মোংলার চায়না প্রজেক্টে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ভাইঝিকে অপহরণ করে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগ
এ ঘটনায় থানায় রাতে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও ইনারবার ড্রেজিং প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ শওকত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে মামলা দায়ের হয়েছে, ঘটনার তদন্ত চলছে।
একাত্তর/এসজে
