লিওন্দ্রো ট্রোসার্ডের জোড়া গোলের ম্যাজিক আর কেভিন ডি ব্রুইন ও রোমেলু লুকাকুর জোড়া রেকর্ডের রাতে নিউজিল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। কিউইদের ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ ‘জি’-এর শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের রাউন্ড অব থার্টিটু নিশ্চিত করেছে রেড ডেভিলরা। অন্যদিকে বেলজিয়ানদের এই গোল উৎসবের রাতে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো নিউজিল্যান্ডকে।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচ শেষে পাঁচ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মিশরকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে থেকে মিশন শেষ করলো বেলজিয়াম। সমান পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিশর। গ্রুপের অন্য ম্যাচে ইরান ও মিশর ১-১ গোলে ড্র করায় তিন পয়েন্ট নিয়ে তিনে ইরান এবং এক পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিদায় নিলো নিউজিল্যান্ড। শেষ বত্রিশের লড়াইয়ে বেলজিয়াম মুখোমুখি হবে সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলের একটির।
দাপুটে জয়ের পর বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড ট্রোসার্ড বলেন, আমরা খুব ভালো খেলেছি। গ্রুপ সেরা হতে পেরে আমরা আনন্দিত। এখন লক্ষ্য রাউন্ড অব থার্টিটু, আমরা সামনের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।
ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বেলজিয়াম। প্রথমার্ধে বল দখল ও আক্রমণ—সবখানেই ছিলো তাদের দাপট। ম্যাচের ১১ মিনিটে ট্রোসার্ডের একটি শট পোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় বেলজিয়াম। এর কিছুক্ষণ পর ট্রোসার্ডের শট নিউজিল্যান্ডের ডিফেন্ডার ফিন সারম্যানের হাতে লাগলে পেনাল্টটির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্তটি বাতিল করা হয়।
ম্যাচের ২৮ মিনিটে ডেডলক ভাঙেন ট্রোসার্ড। কেভিন ডি ব্রুইনের দারুণ এক ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বেলজিয়ামকে ১-০ গোলে এগিয়ে নেন তিনি। বিরতির পর ৫০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবারও সহায়তায় ছিলেন ডি ব্রুইন, তার থ্রু বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে নিউজিল্যান্ডের জাল কাঁপান ট্রোসার্ড।
ম্যাচের ৫৪ মিনিটে প্রথম অন-টার্গেট শট নিয়ে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়ার পরীক্ষা নেয় নিউজিল্যান্ড। তবে এর কিছুক্ষণ পরেই দলের হয়ে তৃতীয় গোলটি করেন কেভিন ডি ব্রুইন। ট্রোসার্ডের পাস থেকে ডি-বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের নিচু শটে ব্যবধান ৩-০ করেন তিনি। এই গোলের মাধ্যমে ৩৪ বছর বয়সী ডি ব্রুইন বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েন।
ম্যাচের ৮৪ মিনিটে নিউজিল্যান্ডের হয়ে এলিজা জাস্ট একটি গোল শোধ করলেও নাটকীয়তা জমেনি। এর পরপরই বদলি হিসেবে নামা রোমেলু লুকাকুর জোরালো হেডে আবার ব্যবধান বাড়ায় বেলজিয়াম। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ (৬টি) গোলের রেকর্ড নিজের করে নেন ৩৩ বছর বয়সী লুকাকু, ছাড়িয়ে যান সাবেক তারকা মার্ক উইলমটসকে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরেক বদলি ফুটবলার অ্যালেক্সিস সেলেমেকার্স পঞ্চম গোলটি করলে কিউইদের বড়ো হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়।
ম্যাচ শেষে হতাশ নিউজিল্যান্ডের কোচ ড্যারেন বেজলি বলেন, ফলাফলটা খুবই কষ্টদায়ক। তবে ছেলেদের পরিশ্রম নিয়ে আমি গর্বিত। বেলজিয়াম খুবই শক্তিশালী দল। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে আরও ভালো করতে সাহায্য করবে।
