ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা থেকে ঢাকায় রওনা দেওয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নিজের নির্বাচনী এলাকা ভোলার লালমোহন ও তজুমদ্দিনে তিন দিনের সরকারি সফর শেষে তিনি সকালে ঢাকার উদ্দেশে রওনা হন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রয়োজন রয়েছে। তবে অতীতে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের’ কথা বলেছিলেন, বাংলাদেশের সেই সম্পর্কের প্রয়োজন নেই। ভারতের সঙ্গে আমরা সমমর্যাদার ভিত্তিতে যে ধরনের সম্পর্কের প্রয়োজন, তেমনই সুসম্পর্ক চাই।
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কিছু কিছু বিষয়ে আপত্তি রয়েছে। বিশেষ করে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রীকে নিজ দেশে আশ্রয় দিয়েছে ভারত এবং সেখান থেকে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে, যা কোনো প্রতিবেশ সুলভ আচরণ নয়।
ভারতের অবস্থান প্রসঙ্গে স্পিকার আরও বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার, কিন্তু এখন পর্যন্ত তারা যে সুসম্পর্ক চায়—এমন কোনো ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে না। কেবলমাত্র দূত বা কূটনৈতিক পর্যায়ে কথাবাতাই সীমাবদ্ধ রয়েছে। ব্রিকসের বিষয়েও ভারত সরকার বাংলাদেশকে খোলামেলা কিছু জানায়নি বলে তিনি মন্তব্য করেন।
এ সময় ভোলা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাওছারসহ প্রশাসন ও রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
