সৌদি আরবের রাজধানী রিয়াদে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে যোগাযোগ ও নজরদারি জোরদার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একাত্তর টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী এসব তথ্য জানান।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ঘটনার পরপরই সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উইং তৎপরতা শুরু করে। রিয়াদ হামলায় নিহত দুজন বাংলাদেশির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া যেসব বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের বিষয়েও দূতাবাস কর্মকর্তা ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিয়ত খোঁজখবর নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ও প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রমগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদি আরবে অবস্থানরত অন্য বাংলাদেশিদের নিরাপত্তার প্রসঙ্গে মন্ত্রী জানান, স্থানীয় প্রবাসীরা যাতে নিরাপদে থাকেন, সেজন্য বিভিন্ন মাধ্যম ও মিশনগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকতে এবং নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে বাংলাদেশ মিশনগুলো প্রস্তুত রয়েছে। প্রবাসীদের সার্বিক সুরক্ষা ও সচেতনতাই এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি।
