দেশে পাঁচ গুরুত্বপূর্ণ খাতে জাপানিদের বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম

বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে দেশটির পাঁচটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক খাতে জাপানি কোম্পানিগুলোকে সরাসরি বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খাতগুলো হলো—অটোমোটিভ বা যানবাহন উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেল ও লজিস্টিকস এবং কৃষি-প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেলে টোকিওতে জেটরোর প্রধান কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগ’-এ মূল বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী এই আহবান জানান। 

দীর্ঘদিনের দ্বিপক্ষীয় ও সুদৃঢ় সম্পর্ককে বাণিজ্যিক রূপ দিতেই এই অগ্রাধিকার খাতগুলো খতিয়ে দেখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে প্রধানমন্ত্রী বলেন, আমি জাপানি কোম্পানিগুলোকে পারস্পরিক সুবিধার লক্ষ্যে ভবিষ্যৎ সহযোগিতা ও ব্যবসায়িক সুযোগ অনুসন্ধানের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ খাত খতিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের অব্যবহৃত ও সুপ্ত সম্ভাবনার কথা তুলে ধরে তিনি জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি জাপানি কোম্পানি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অথচ দেশটিতে জাপানের সরাসরি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ এখনো ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের নিচে রয়েছে।

বাণিজ্যের সাম্প্রতিক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত অর্থবছরে জাপানে আমাদের রপ্তানির পরিমাণ ছিল ১.৩৬ বিলিয়ন মার্কিন ডলার এবং জাপান থেকে আমাদের আমদানির পরিমাণ ছিল ২.১৬ বিলিয়ন মার্কিন ডলার। এই সম্পর্ককে কেবল ঐতিহ্যগত উন্নয়ন সহযোগিতার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সরাসরি বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিস্তৃত করার জোর তাগিদ দেন তিনি।

দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। বিগত পাঁচ দশকেরও বেশি সময় ধরে তারা বাংলাদেশের অন্যতম সেরা ও বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে। এ সময় তিনি তার পিতা-মাতা—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, যারা একাধিকবার জাপান সফর করে দুই দেশের দ্বিপক্ষীয় ভিত্তিকে আরও গভীর করেছিলেন।

ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজ আমি কেবল অতীত নয়, আগামী ৩০ থেকে ৫০ বছরের বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতার বিষয়ে কথা বলতে চাই।

তারেক রহমান জানান, বাণিজ্য জোরদারে বাংলাদেশ ও জাপান এ বছর একটি ঐতিহাসিক ‘ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ স্বাক্ষর করেছে; যা অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত প্রথম দ্বি-পাক্ষিক এ ধরনের কোনো চুক্তি। এই চুক্তির আওতায় বাংলাদেশের সাত হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। একইভাবে ইস্পাত, অটোমোটিভ যন্ত্রাংশ ও ইলেকট্রনিক উপাদানসহ জাপানি পণ্যগুলোও বাংলাদেশে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা লাভ করবে।   

আন্তর্জাতিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০টি (নবম) বৃহত্তম ভোক্তা অর্থনীতির একটিতে পরিণত হওয়ার পথে রয়েছে। তাছাড়া দেশে ১৮ কোটির বেশি মানুষের বিশাল বাজার, ২৭ বছর গড় বয়সের তরুণ জনশক্তি এবং দ্রুত বিকাশমান মধ্যবিত্ত শ্রেণি রয়েছে। ফলে ক্রমবর্ধমান সচ্ছল এই মধ্যবিত্ত শ্রেণির হাত ধরে ২০৩৪ সালের মধ্যে দেশের বার্ষিক জিডিপি ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।   

বিনিয়োগের জন্য চিহ্নিত পাঁচটি প্রধান খাতের সম্ভাবনা ও পরিকল্পনা নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

অটোমোবাইল শিল্প: যানবাহন উৎপাদন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান টয়োটা সম্প্রতি বাংলাদেশে একটি যানবাহন উৎপাদন কারখানা স্থাপনের যে পরিকল্পনা এবং ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার আগ্রহ দেখিয়েছে, তাকে স্বাগত জানিয়ে সরকার থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

জ্বালানি খাত: বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার কথা বিবেচনায় রেখে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে জাপানিদের বিনিয়োগের আহবান জানান তিনি। বর্তমানে বাংলাদেশ এ বিষয়ে জ্বালানি খাতের বিখ্যাত কোম্পানি ‘জেরা’ এর সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছে।

প্রযুক্তি ও মহাকাশ গবেষণা: প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ একটি সমন্বিত ‘বাংলাদেশ-জাপান প্রযুক্তি পার্ক’ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের ওপর নিবদ্ধ এই তথ্যপ্রযুক্তি পার্কে জাপানি কোম্পানি ও বিশ্ববিদ্যালয়গুলো কাজ করতে পারবে। পাশাপাশি মহাকাশ প্রযুক্তি ও স্যাটেলাইট প্রকৌশল বিষয়েও জাপানের কারিগরি অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ।

রেল ও লজিস্টিকস: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালসহ দেশের প্রধান প্রধান বড়ো শহরগুলোকে যুক্ত করতে একটি দেশব্যাপী উড়াল (এলিভেটেড) উচ্চগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ সম্পর্কিত ‘জাতীয় নেটওয়ার্ক মাস্টার প্ল্যান’ ও সম্ভাব্যতা যাচাই উদ্যোগে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে স্বাগত জানান তিনি।

কৃষি-প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন শিল্প: দেশে বিপুল পরিমাণ ফসলের উৎপাদন থাকায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। আড়াইহাজারে সুমিতোমো কর্পোরেশন কর্তৃক আন্তর্জাতিক মানে গড়ে তোলা ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এ জাপানি কোম্পানিগুলোকে কারখানা স্থাপনের আহ্বান জানান তারেক রহমান।   

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শিল্পে নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিত করা, দক্ষ অবকাঠামো গড়ে তোলা এবং কাস্টমস ও করব্যবস্থায় সহজ ও পূর্বাভাসযোগ্য নীতি প্রণয়নের ক্ষেত্রে বিনিয়োগকারীদের উত্থাপিত বিভিন্ন উদ্বেগ নিরসনে সরকার কাজ করছে।   

তিনি বলেন, আমরা সবার কথা শুনেছি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কাজ করছি। আমরা বুঝি যে ব্যবস্থার ক্ষেত্রে নিশ্চয়তা প্রয়োজন এবং বিনিয়োগকারীদের আস্থা অপরিহার্য। আমাদের প্রধান কাজই হলো এমন একটি উপযুক্ত ও সহায়ক পরিবেশ তৈরি করা, যা উভয় পক্ষের চাহিদাই পূরণ করবে। 

জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, প্রতি বছর অনেক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জাপানে যান এবং দেশে ফেরার আগে মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখানো সরকারের একটি অগ্রাধিকার। তিনি এমন একটি ভবিষ্যতের রূপকল্প তুলে ধরেন, যেখানে লক্ষ লক্ষ তরুণ-তরুণী কারিগরি দক্ষতার পাশাপাশি জাপানি ভাষা শিখবে।

তিনি বলেন, জাপানি ভাষায় দক্ষ উচ্চশিক্ষিত বাংলাদেশি পেশাজীবীরা জাপান ও বাংলাদেশ—উভয় দেশেরই কর্মসংস্থানের চাহিদা পূরণে সহায়তা করতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশ যখন তার ভিত্তি গড়ে তুলছিলো, তখন জাপান আমাদের পাশে দাঁড়িয়েছিলো। এখন আমরা আপনাদের আমন্ত্রণ জানাই আমাদের শিল্পখাত গড়ে তুলতে, নতুন সুযোগ সৃষ্টি করতে এবং একসঙ্গে এগিয়ে যেতে।

তিনি আরও বলেন, আসুন, আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও শক্তিশালী অংশীদারিত্বে রূপান্তর করি। আসুন, আমাদের জনগণের জন্য পারস্পরিক সুযোগ তৈরি করি এবং উভয় জাতির সমৃদ্ধি নিশ্চিত করি।

‘বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগ’-এর আয়োজন করে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)। এতে সহযোগিতা করে ‘জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (জেবিসিসিইসি) এবং সহায়তা প্রদান করে জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেট্রোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা। অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক পার্লামেন্টারি ভাইস-মিনিস্টার শিনজি ওয়াকায়ামা। এছাড়া অনুষ্ঠানে সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় এবং বিভিন্ন বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্পের ঘোষণা দেওয়া হয়।

অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশে বিনিয়োগ-নির্ভর অর্থনীতি গড়ে তোলার বিষয়ে কথা বলেন। ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশে বিনিয়োগ সহজীকরণের লক্ষ্যে গৃহীত সংস্কার ও নতুন উদ্যোগগুলো তুলে ধরেন।

মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেডের ঢাকা শাখার জেনারেল ম্যানেজার ও কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোটো ‘টুগেদার ফর আ ব্রাইটার বাংলাদেশ’ শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন। ওয়াইকেকে কর্পোরেশনের গ্লোবাল সেলস হেডকোয়ার্টারের ভাইস-প্রেসিডেন্ট রেইসুকে আরাতানি বাংলাদেশে তাদের কোম্পানির ব্যবসায়িক যাত্রা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদও বাংলাদেশে দ্রুত বর্ধনশীল উদীয়মান ব্যবসাগুলোর বিষয়ে বক্তব্য রাখেন।  

একাত্তর/এসি
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান করার লক্ষ্যে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের...
বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ আরও সম্প্রসারণের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ইউনিক্লো’র মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানির প্রতি আহ্বান...
জাপান-বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জন্য বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। জাপান সফরের তৃতীয় দিনে দেশটির...
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে না গিয়ে এককভাবে অংশগ্রহণ করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য...
রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাটির তীব্র নিন্দা ও...
লক্ষ্মীপুরে এক মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, মাটি বিক্রির ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আগে থেকেই তাকে হুমকি দিতো। তারাই...
লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর