জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আবারও দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। অক্টোবর মাসের কর্মসম্পাদন মূল্যায়নে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬৩ শতাংশ অর্জন করে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই উপজেলাটি।
সোমবার (৯ নভেম্বর) রেজিস্টার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত তথ্যে এই ফলাফল জানা গেছে। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনসহ সামগ্রিক জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাফল্যের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে গলাচিপা উপজেলায় ৪২৮টি জন্ম নিবন্ধন এবং ১১৬টি মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গড়ে ১৬৩ শতাংশ অর্জন করে উপজেলাটি দেশসেরার খেতাব অর্জন করে।
প্রকাশিত তথ্যানুযায়ী, জাতীয় পর্যায়ের এই তালিকায় ১৪১ শতাংশ অর্জন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা এবং ১৩৪ শতাংশ অর্জন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়; এটি নাগরিকের আইনগত পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার মূল ভিত্তি। শিশুর জন্ম থেকে শুরু করে নাগরিকের মৃত্যু পর্যন্ত সঠিক তথ্য রাষ্ট্রীয় তথ্যভান্ডারে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভুলতা ও সেবার মান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি এই সাফল্যের পেছনে অবদান রাখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও শতভাগ নিবন্ধন ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইউএনও ইজাজুল হক জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার)-এর দিকনির্দেশনার জন্য তাদের প্রতি ধন্যবাদ জানান।
এর আগে গত জুলাই মাসেও জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা হয়েছিলো গলাচিপা উপজেলা। এছাড়া এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত টানা চার মাস এই কার্যক্রমে ধারাবাহিক সাফল্য বজায় রাখায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন আবুজর মো. ইজাজুল হক।
২০২৪-২০২৫ অর্থবছরে দুমকী উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি দুইবার দেশসেরা স্থান অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন। সব মিলিয়ে এটি তার চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউএনও হওয়ার স্বীকৃতি।
