রাজধানীর উত্তরখানে একটি আবাসিক ভবনের নবম তলার ফ্ল্যাট থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১১টার দিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তরুণীর বাবার দায়ের করা হত্যা মামলায় তাঁর স্বামী আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সানজিদা ইসলাম পাবনা এডওয়ার্ড কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী আমিনুর রহমানের বাড়িও পাবনার গাছপাড়া এলাকায়।
স্বজন ও পারিবারিক সূত্রের বরাতে পুলিশ জানায়, সানজিদা ও আমিনুর একে অপরকে পছন্দ করতেন। গত ডিসেম্বরে দুই পরিবারের উপস্থিতিতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দুই মাস পর থেকেই ঢাকার উত্তরখানে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন এই দম্পতি। আমিনুর ঢাকায় পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন।
তবে ঢাকায় আসার কিছুদিনের মধ্যেই তাঁদের মধ্যে তীব্র দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে সানজিদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হলে তিনি ক্ষুব্ধ হয়ে পাবনায় বাবার বাড়িতে ফিরে যান। পরবর্তীতে উভয় পরিবারের মধ্যে মধ্যস্থতা ও সমঝোতা হলে মাত্র পাঁচ দিন আগে সানজিদা আবার ঢাকায় স্বামীর বাসায় ফেরেন।
ঢাকায় ফেরার মাত্র দুই দিন পর সানজিদা ফোন করে তাঁর পরিবারকে আকুতি জানিয়েছিলেন, তিনি স্বামীর নির্যাতন আর সহ্য করতে পারছেন না এবং তাঁকে যেন এসে দ্রুত বাড়ি নিয়ে যাওয়া হয়।
এরপর থেকে সানজিদাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে স্বামী আমিনুর রহমানকে ফোন করা হলে তিনি প্রথমে জানান যে তিনি অফিসে আছেন। পরবর্তীতে রবিবার রাতে আমিনুর নিজেই ফোনে সানজিদার পরিবারকে দাবি করেন যে, সানজিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, সানজিদাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর অপচেষ্টা করছেন আমিনুর।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি কক্ষের মেঝেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সানজিদার লাশ পড়ে থাকতে দেখে। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা এ বি এম শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় নিহতের স্বামী আমিনুর ইসলামকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
