বাণিজ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্যপণ্যের দাম খুব বেশি বাড়েনি।
শুক্রবার (২১ অক্টোবর) রংপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অল্প মূল্যবৃদ্ধিতেও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় আমাদেরকে তা সহনীয় পর্যায়ে আনতে হবে। একইসঙ্গে বিশ্ব মন্দা মোকাবিলায় কাজ করতে হবে। খবর বাসসের।
তিনি আরো বলেন, বিশ্ব মন্দা মোকাবেলায় সরকার প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এক ইঞ্চি জমিও পতিত না রাখার নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক মন্দা প্রশমিত করতে হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার যেসবখাতে সম্ভব সেসব খাতে ব্যয় সংকোচন, কমানো বা স্থগিত করছে। বৈশ্বিক মন্দার কারণে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি। এই বিপদ সকলকে একসাথে মোকাবেলা করতে হবে।
ভোজ্য তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে ভোজ্য তেলের দাম কমলেও কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিয়ে বেশি দামে তা বিক্রি করছে।
তিনি বলেন, ভোজ্য তেলের দামে কারসাজিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ইতোমধ্যে বাজার পর্যবেক্ষণের জন্য কাজ করছে।
আরও পড়ুন: বাজারে মুরগি, ডিম ও চিনির দাম বেড়েছে
মন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে। বিশ্ববাজারে তেলের দাম এবং দেশে মার্কিন ডলারের মূল্য বিবেচনায় নিয়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ করেছে ট্যারিফ কমিশন।
একাত্তর/আরএ
