অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, উৎপাদন ও সরবরাহের মাধ্যমে মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।বাজারে দাম কমে স্বস্তি ফিরবে, তবে রাতারাতি নয়। তবে একেবারে যুগযুগ সময়ও লাগবে এমনটা নয়। আমরা যুক্তিসঙ্গত সময়ে মূল্যস্ফীতি কমিয়ে আনবো।
বুধবার সচিবালয়ে ‘মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার’ লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর।
অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতির ক্ষেত্রে দুটি বিষয় আছে খাদ্য উৎপাদন এবং সরবরাহ। খাদ্য উৎপাদনে কতগুলো চ্যালেঞ্জ আছে। আমরা কতগুলো জিনিস নিয়ে আলাপ করেছি, দ্রুত অ্যাকশন নেবো। কিন্তু মূল্যস্ফীতি জিনিসটা কতগুলো কারণে বেশি হয়েছে। চট করে এটা কালকে নেমে যাবে, এটা ঘোড়ার মতো নয়।
সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ে অতীতে এমন দেখা গেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন বলেন, এটি নজরে আনা হয়েছে, কথা হয়েছে। আমাদের নজরে কোনো কিছু এড়ায়নি। আমার কিছুটা আইডিয়া আছে, গভর্নর সাহেবের আইডিয়া আছে, এই যে সচিবরা ওরা কিন্তু অনেক অভিজ্ঞ।
তিনি বলেন, আমরা সচিবদের নির্দ্বিধায় তথ্য দিতে বলেছি। আগের মতো গোপন করার কিছু নেই।
অর্থ আত্মসাতকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, ছাগলকাণ্ডসহ কোনো কিছুই ধামাচাপা পড়নি।
অর্থের সুষ্ঠু ব্যবহার ও অপচয় রোধ করা হবে জানিয়ে তিনি বলেন, নীতি নতুন করে নেওয়ার কিছু নাই। বিদ্যমান নীতি ঠিক আছে, সমস্যা ছিল বাস্তবায়নে। সেই সমস্যা দূর করা হবে। সংশ্লিষ্টদের বলা হয়েছে, তারা যেন নির্ভয়ে নিজের কাজটা করেন। পলিসি যেন বাস্তবায়ন হয় সেদিক নজর দেয়া হবে।
