নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সঙ্গে তিনি জাদুঘর প্রাঙ্গণে অবস্থিত কারুপল্লীর বিখ্যাত জামদানী পল্লীও সরেজমিনে ঘুরে দেখেন।

সোমবার সকালে প্রতিনিধি দল সঙ্গে নিয়ে সোনারগাঁয়ের এই দুটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় তিনি প্রথমে পানাম নগরীতে পৌঁছান এবং এর প্রাচীন স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক ভবনগুলো ঘুরে দেখেন।
পরবর্তীতে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে গ্রামীণ লোকশিল্প, কারুশিল্পীদের জীবনযাত্রা এবং বিশ্বখ্যাত জামদানী বুনন শৈলী প্রত্যক্ষ করেন।

পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তাঁর রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী এবং ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন।
মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান এবং পরিদর্শনে সার্বিক সহায়তা প্রদান করেন।
