কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় ফল, মসলা ও ইলেকট্রনিকস পণ্যের আড়ালে ৩০ কেজি নেশাদ্রব্য শিশা আমদানি করেছে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং। আমদানি করা পণ্যের বিল অব এন্ট্রি ও এইচএস কোড বিশ্লেষণ করে যার প্রমাণ পায় একাত্তর। নিয়ম অনুযায়ী, ৪ নভেম্বর আসা চালানটি তিন ধাপে পরীক্ষার পর ছাড় করার কথা থাকলেও, তার কোনোটিই ঠিকমতো করেননি দায়িত্বরত কর্মকর্তারা। পরে, পুলিশি অভিযানে আটক হওয়ার পর সামনে আসে বড় এই অনিয়ম। এই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা কাস্টম হাউস।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ৪ নভেম্বর বিভিন্ন পণ্যের একটি চালান আনে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের একটি কোম্পানি। হংকং থেকে আসা চালানটিতে ইলেকট্রনিক্স সামগ্রী ছাড়াও ছিল শুকনো ফল, ফুড সাপ্লিমেন্ট ও মসলা। যার আমদানি মূল্য দেখানো হয় ৫ হাজার ডলার।
কিন্তু আশ্চর্যের তথ্য হলো, এই চালানে মসলা ও ইলেকট্রনিকস পণ্যের ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ নেশাদ্রব্য শিশা আনে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে রাজধানীতে অভিযান চালিয়ে এ সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার ও ৩০ কেজি শিশা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রশ্ন উঠেছে, কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ পণ্য কিভাবে আনা হলো?
সেই চালানের বিল অফ এন্ট্রির কপি সংগ্রহ করেছে একাত্তর। তাতে দেখা যায়, ৮৯ নম্বর আইটেমে দেয়া হয় মসলার ঘোষণা। যেখানে এইচএস কোডের সিরিয়াল নম্বর দুই শূন্য শূন্য ছয়। কিন্তু এটি মসলা নয়, শাক-সবজি ও ফলমূলের কোড। অর্থাৎ এটি ছিলো মিথ্যা ঘোষণা। অথচ, কায়িক পরীক্ষাকারী কাস্টমস কর্মকর্তারা এই মিথ্যা ঘোষণা আমলে নিলেই আটকে যেতো চালানটি। কমিশনার জানান, পণ্য খালাসে অনিয়ম হয়েছে কিনা, তা যাচাইয়ে কমিটি করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিন খান বলেন, 'কারো গাফিলতি থাকে তাকে প্রটেক্ট করা বা সেভ করার উদ্দেশ্য আমাদের না। কারণ এটা এক্সিসেন্সিভ ইস্যু। এখানে যেই করুক আমরা চাই যে সে কনসিকোয়েন্স শেষ করবে। আমাদের যা প্রাপ্য সেটা তাকে দিতে হবে।'
সাধারণত বিমানবন্দরে কার্গোতে কোনো পণ্যের বিল অফ এন্ট্রি জমা হলে শুরুতে কায়িক পরীক্ষা করেন একদল কর্মকর্তা। এরপর তাদের দেয়া রিপোর্টের ভিত্তিতে শুল্কায়ন করেন আরেক দল। সবশেষে পণ্য বের করার সময়ও যাচাই-বাছাই করা হয়। অভিযোগ উঠেছে, চালানে থাকা খাদ্য দ্রব্য ও মসলার বিএসটিআই ও ল্যাব টেস্ট রিপোর্টও যাচাই করা হয়নি। অথচ, সেই কাজটি সঠিকভাবে করলেই ধরা পড়তো প্যাকেটে থাকা মাদক।
গেলো ৫ অক্টোবর একই ঘোষণায় ৫ হাজার ডলারের আরেকটি চালান আনে ট্রাস্ট গ্লোবাল। সেটিও খালাসেও ছিলো একই ধরনের অনিয়ম।
