প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন, তবে তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।
প্রতারণার অভিযোগ প্রমাণ হওয়ায় গত ২০ মার্চ হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি প্রত্যেকের দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাভোগের আদেশ দেয়া হয়।
আইপিটিভি জয়যাত্রা টেলিভিশনের মালিক হেলেনা জাহাঙ্গীর। দণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন- জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার।
জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন বাদী হয়ে ২০২১ সালের ২ আগস্ট প্রতারণা মামলাটি করেন।
অভিযোগে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর তার মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশনে ভোলা প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে বাদীর (আবদুর রহমান) কাছ থেকে ৫৪ হাজার টাকা নিয়েছেন। তিনি জয়যাত্রা টেলিভিশনে কয়েক মাস কাজ করেছেন। প্রতি মাসে তার কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়েছে জয়যাত্রা টেলিভিশন কর্তৃপক্ষ।
মামলায় ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত গত বছরের ২২ এপ্রিল হেলেনা জাহাঙ্গীরসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ১৩ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।
এর আগে ওই বছরের ২৯ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় তার গুলশানের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, ওয়াকিটকি ও বিদেশি ছুরি উদ্ধার করা হয় বলে আইনপ্রয়োগকারী সংস্থাটি জানিয়েছিল।
