রাজধানীর রমনার ওয়ার্লেস গেটে বাসের ধাক্কায় এক রিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার বিকালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আয়নাল হাওলাদার (৪৫) ঢাকার দোহার সবুরচড় গ্রামের হাশেম হাওলাদারের ছেলে। তিনি পরিবারের সাথে খিলগাঁওয়ে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশার পেছনে ধাক্কা দিয়ে এটিকে আইল্যান্ডের উপর তুলে দেয়। এসময় পড়ে গিয়ে আয়নাল নামের ওই ব্যক্তির মৃত্যু হয় এবং রিকশাচালক আহত হন।
নিহতের বড় ভাই, শাহজাহান হাওলাদার জানান, আয়নাল একটি কোম্পানিতে সেলসের কাজ করতেন। তিনি মগবাজার থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল হক বলেন, আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়নালকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই সাইদুল জানান, বাসটিকে জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।
গুলিস্তানে বাসে আগুন