আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহীরা তিন দিনে তিন হাজার ১৯টি দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। আর এই ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ টাকা।
সোমবার তৃতীয় দিন বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রি হয় ৭৩৩টি।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, এসব ফরমের মধ্যে ৭০৯ টি ফরম সশরীরে এবং ২৪ টি ফরম সংগ্রহ করা হয় অনলাইনে।
এবারই প্রথমবারের মতো অনলাইনে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার ব্যবস্থা রেখেছে আওয়ামী লীগ।
এদিন ঢাকা বিভাগের আসনগুলোর জন্য ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগে ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টিফরম বিক্রি হয়।
শনিবার প্রথম দিন এক হাজার ৭৪টি এবং রোববার দ্বিতীয় দিন এক হাজার ২১২টি ফরম বিক্রি হয়।
মঙ্গলবার বিকেল পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়ার এই কার্যক্রম চলবে।
আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে যে যে তফসিল ঘোষণা হয়েছে, তাতে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। তার আগেই প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
গত তিনটি নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে লড়াই করবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে।
